রায়হান একটা বড় মার্কেটে ঢুকতে গেল। গেটের সামনে একজন গার্ড হাসিমুখে বলল, “একটা ফ্রি কুকি নিন, শুধু Accept করলেই ঢুকতে পারবেন।” ফ্রি জিনিস কে না পছন্দ করে? রায়হান ভাবল, ছোট একটা কুকি, এতে আবার কী এমন! সে Accept করল, কুকিটা হাতে নিয়ে ভিতরে ঢুকে পড়ল।
মার্কেটের ভিতরে সে ঘুরে ঘুরে অনেক কিছু দেখছে। কিছু জুতার দিকে একটু বেশি সময় দিল, নতুন ফোনগুলোও দেখল আগ্রহ নিয়ে। আবার কিছু জিনিস একদমই দেখল না, পাশ কাটিয়ে চলে গেল।
আইফোন স্টল এর সামনে এসে নতুন ফোন দেখে রায়হানের চোখ খুশিতে চকচক করে উঠল।
কিন্তু রায়হান জানত না, তার প্রতিটা মুহূর্ত কেউ একজন নীরবে লক্ষ্য করছে। শেলফের আড়ালে দাঁড়িয়ে একজন লোক সব লিখে রাখছে— “জুতার সামনে ২ মিনিট দাঁড়িয়েছে” “ফোনে আগ্রহ” “সবজি এড়িয়ে গেছে”
রায়হান কিছুই বুঝল না। নিজের মতো করে ঘুরে বেড়াল, তারপর বের হওয়ার জন্য গেটের দিকে গেল।
গেট পার হওয়ার সাথে সাথেই অদ্ভুত কিছু ঘটল।
হঠাৎ চারদিক থেকে বিক্রেতারা তাকে ঘিরে ধরল— “ভাই, নতুন জুতা! আপনার জন্য স্পেশাল!” “এই যে ফোন, একদম আপনার পছন্দের মতো!”
রায়হান হতবাক। “এরা জানল কীভাবে আমি কী দেখেছি?”
ঠিক তখনই সে দেখল, সেই গার্ড চুপচাপ একটা কাগজ বিক্রেতাদের হাতে দিচ্ছে। কাগজের উপরে লেখা— “User Activity Report”
রায়হান নিচের দিকে তাকাল। তার হাতে এখনও সেই কুকিটা ধরা। কুকিটা আর আগের মতো নিরীহ মনে হচ্ছে না।
হঠাৎ তার মাথায় একটা কথা পরিষ্কার হয়ে গেল—
কিছুই আসলে ফ্রি না। তুমি টাকা দাও না, তুমি তোমার ডাটা দিয়ে দাম দাও।
#DataPrivacy #DigitalPrivacy #UserData #DataTracking #OnlinePrivacy #PrivacyMatters #TechAwareness #CyberAwareness